রবিবার, ১৭ জুলাই, ২০১৬

মেঘলা বাইশে শ্রাবণ...

মেঘলা বাইশে শ্রাবণ...

----------------স্বপ্নসন্ধানী শিবাশিস্

--মেঘের ঘনত্ব দেখে বুঝেছি...
বৃষ্টি হয়েই ঝরবে বুঝি..
...আসছে যে বাইশে শ্রাবণ !!
--মনে এখন আঁধারের উৎসব। জানালায় ঝুলে আছে বিষণ্ন পর্দার ঢেউ।
-বাইরে বাড়িয়ে দিয়ে মুখ...
...দৃষ্টি খুঁজে পায় না দিগন্তের কালো মেঘ ছাড়া অন্যকিছু।
....বৃষ্টি নামবেই।
..বাইরে না হোক অন্দরে।
-কাঁদিয়ে সুখের দেখা পেতে চাও কেন বিরহপূজারী ?
-আসন্ন বাইশে বহিরঙ্গ-কোলাহলে কারও হৃদয় হাহাকার করেনা তোমার জন্য...
- একাকী এ পথচলা কি ফুরোবে না কখনো তোমার !!
- আড্ডার মধ্যমণি হয়েও আজ তুমি একা !!
জটিল জীবনের পথে, একাকীত্বই সম্বল। আসা যাওয়ার মত পথচলাও একা।
সমবেত বলে আজ কিছু নেই।
- স্মৃতির দালানগুলো মুছে যাক।
একাকী স্মৃতির আকাশে ভেসে উঠুক একখণ্ড খেয়ালী চাঁদের আলো !!
- কখনো আবেশে মেদুর হতে চায় মন তোমার সৃষ্টিতে আজন্ম লালিত সংস্কারে।
স্মৃতি হাতড়ে মানুষ তো আজ কেবল নিজেকেই খোঁজে...
তুমি শোভা পাও বিকৃত ইতিহাসে আর ব্যস্ত সরণির সাময়িক স্তব্ধ নাগরিকের মন ভোলাতে...
মেঘলা বাইশের ব্যর্থ হাতছানি, এর কষ্টটুকুও নিজস্ব।
রাগ কিংবা অভিমান সেও হাজির হয় নিজস্বতা নিয়ে।
অন্যের সাথে মিল বা মেলানো অর্থহীন।
- একমুঠো আঁধার জড়িয়ে যাচ্ছে আজ ভবিষ্যতের চোখে...
হেঁটে যাই বহুদূর...
শেষ আলোয় দেখি সব অর্থহীন।
ছেড়ে যেতে হয় সবই।
- আমার আকাশ আজ কোন রঙে রাঙিয়ে দেবো কবি !!
- আকাশ-বিহারী যদি হয় আজ দিগভ্রান্ত...
সব আকাশই আকাশ।
সব তুমিই তুমি।
সময়ের ফেরে হয়তো অন্য কেউ হয়ে যাও - সত্ত্বাধিকারীর পরিবর্তন নেই কোন। চৈতন্য না হারালে নিজেকে ঠিকই খুঁজে পাই ঠিক ঠিকানায়।
- যদি কখনো মনে হয় বুঝিনা কিছু জীবনের মানে;
অর্থ করে নিই তোমায় নিজের মত।
সেও আলাদা জগত।
নিজের মত জগত গড়ার আনন্দ ক'জনের মেলে !!
- মনে আজও অঝোর বরষায় থমকে আছে ইতিহাস।
তোমার মায়ার ঢেউ গ্রাস করবে অন্ধকার।
আর ইতিহাসের অপর পিঠে লেখা হবে সচল শিলালিপি।
- ভবিষ্যতের এই এক ঝলক সুখী বৃষ্টিতে মন রাঙিয়ে নেবার ভীষণ সখ আমার !!
- মুঠো মুঠো বৃষ্টির ফোঁটায় ভিজিয়ে নিই আত্মা।
এক নিমিষে জ্বলে উঠবে অন্তর্গত সুখ। অঝোর বাইশে শ্রাবণে ধুয়ে যাক যাবতীয় দু:খের নকল সমীকরণ।
- আমাকে ডানা দাও! দূরে কোথাও উড়ে যাই সীমানা ছাড়িয়ে বকের সারির মতো।
- হৃদয়ে জলপ্রপাতের শব্দ পাচ্ছি !
- গহীনে ভাঙ্গার শব্দ বুনে যায় কারা ?
- কারা তোলে সমবেত প্রেতাত্মার সুর ?
- অলীক জীবনের মোহে সুখের স্বপ্ন দেখে যায় কোন অচেনা নাগরিক ?
- রূপের পসরা সাজিয়ে রূপহীন অক্ষম আক্রোশ আমার...
সময় সমরে লড়বে এবার নিয়তির সাথে পরাক্রান্ত বাস্তব।
তুমি আড়ালে দাঁড়িয়ে দেখে যাও বিকার বিলাপ।
- তুমি আজীবন কি এমনই থেকে যাবে কবি...শুধু পটে লিখা...
- আমি তোমার দেখানো পথে হেঁটে গেছি বহুদূর।
পাইনি সুখের পথের হদিস।
উপরে জ্বলছো হয়ে জ্বলজ্বলে চাঁদ।
...নীচে আজ ঘোরে পথভ্রান্ত উন্মত্ত কিছু প্রলাপাচ্ছন্ন পথিক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন